জুলাই আন্দোলনে আহত নারী সাংবাদিক কাঁকনের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মৌলভীবাজারে জুলাইয়ের গণআন্দোলনে আহত একমাত্র নারী সাংবাদিক এ.এস. কাঁকনের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। তিনি জেলার প্রথম নারী সাংবাদিক এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) তারাবির নামাজ শেষে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন কাঁকনের হাতে নগদ অর্থ ও ঈদের শুভেচ্ছা কার্ড তুলে দেন। এ সময় গণআন্দোলনে আহত আব্দুল মালিক এবং বড়লেখার চান্দগ্রামের নিহত আলাউদ্দিনের স্ত্রীর কাছেও একইভাবে নগদ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ.কে.এম নুরুজ্জামান, সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ তোয়েল এবং কাবাডি ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলওয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
প্রথমবারের মতো এ ধরনের ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক এ.এস. কাঁকন। তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি তার পরিবারের প্রতিও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মৌলভীবাজারে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন কাঁকন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সমর্থকরা তাকে পরপর দুবার আক্রমণ করে। এ সময় তার ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং কাঠের টুকরো দিয়ে আঘাত করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।








