Logo

ঈদ ও বিজু উপলক্ষে মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
১৯ মার্চ, ২০২৬, ১৪:৩২
ঈদ ও বিজু উপলক্ষে মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল-ফিতর ও পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘বিজু’ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপহার বিতরণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তা দিয়ে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে মাটিরাঙ্গা জোন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন সদর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ ও বিজুর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার হিসেবে দেওয়া হয় সেমাই, গুঁড়ো দুধ, চিনি, বাদাম, চাল, ডাল ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য। পাশাপাশি একটি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় ও সামাজিক উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়, যাতে প্রত্যেকে সমানভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সহায়তার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা সেবা অন্তর্ভুক্ত করে এমন সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উপকারভোগী পরিবারগুলোও এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সেনাবাহিনীর এ উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD