Logo

পাটুরিয়া ঘাটে ঈদযাত্রার তৃতীয় দিনেও জনসমুদ্র, বাড়ছে দুর্ভোগ

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
১৯ মার্চ, ২০২৬, ১৬:২৪
পাটুরিয়া ঘাটে ঈদযাত্রার তৃতীয় দিনেও জনসমুদ্র, বাড়ছে দুর্ভোগ
ছবি: সংগৃহীত

ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের স্রোতে আবারও ব্যস্ত হয়ে উঠেছে দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। ঈদযাত্রার তৃতীয় দিনেও এই রুটে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ি ফিরতে এই পথে ভিড় জমাচ্ছেন, ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে চাপ ও ভোগান্তির মিশ্র পরিস্থিতি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ঘাটজুড়ে ঘরমুখো মানুষের ঢল। স্থানীয় বাসে করে আসা যাত্রীরা পুরাতন ট্রাক টার্মিনাল এলাকায় নেমে হেঁটে লঞ্চঘাটের দিকে যাচ্ছেন। সেখানে অপেক্ষা শেষে লঞ্চ কিংবা ফেরিতে উঠে পার হচ্ছেন দৌলতদিয়ার উদ্দেশে। তবে যাত্রীসংখ্যার তুলনায় লঞ্চ কম থাকায় অনেকেই বিকল্প হিসেবে ফেরি ব্যবহার করছেন।

ঘাট সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সকাল থেকে যাত্রীচাপ বেশ বেশি থাকলেও পারাপার স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরি ও প্রায় ১৮টি লঞ্চ চলাচল করছে। এছাড়া আরিচা-কাজীরহাট রুটেও ফেরি ও লঞ্চের পাশাপাশি স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কপথে তুলনামূলক স্বস্তি থাকলেও ঘাটে এসে অপেক্ষার সময় বেড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

গাজীপুরের একটি পোশাক কারখানার কর্মী পরিবারসহ বাড়ি ফেরা এক যাত্রী বলেন, সড়কে বড় কোনো সমস্যা হয়নি, কিন্তু ঘাটে এসে লঞ্চের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তবুও ঈদে বাড়ি ফেরার আনন্দে এই কষ্ট মেনে নিচ্ছেন তারা।

আরেক যাত্রী জানান, সড়কপথে কিছুটা ভোগান্তি থাকলেও ঘাটে এসে নতুন করে সমস্যায় পড়তে হচ্ছে। লঞ্চের স্বল্পতার কারণে যাত্রীরা হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

বিজ্ঞাপন

এদিকে পণ্যবাহী যানবাহনের চাপও কম নয়। ঘাট এলাকায় দেড় শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। অনেক চালক আগের রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ জানিয়েছেন, সড়কের যানজট পেরিয়ে এসে ফেরিতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আগের বছরের তুলনায় এবারের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ঘাটে আসা বাসগুলো আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই ফেরিতে উঠতে পারছে। এছাড়া দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ তুলনামূলক কম থাকায় বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।

বিজ্ঞাপন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে যানবাহনের সংখ্যা বাড়লেও কোথাও স্থায়ী যানজট দেখা যায়নি। কয়েকটি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানামার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। সেখানে পুলিশ সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, পদ্মা সেতু চালু হওয়ার পর এই নৌরুটে চাপ কমে গেলেও ঈদকে কেন্দ্র করে হঠাৎ যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে যায়। তবে পর্যাপ্ত ফেরি চালু থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি তাদের।

যাত্রীচাপ বাড়লেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপার চালু রয়েছে। তবে লঞ্চ সংকট ও অতিরিক্ত ভিড়ের কারণে যাত্রীদের দুর্ভোগ পুরোপুরি কমেনি। নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে আরও সমন্বিত ব্যবস্থাপনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD