ভোলাহাটে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি ও নগদ সহায়তা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ মহা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান এসব সহায়তা তুলে দেন। এ সময় ১০৮ জন নারীকে শাড়ি এবং ৭২ জনকে দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে সব মানুষের জন্য কাজ করবেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, জনগণের জন্য বরাদ্দকৃত অর্থের এক টাকাও ব্যক্তিগতভাবে ব্যবহার করা হবে না এবং প্রকৃত উপকারভোগীদের বাছাই করে সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও যেকোনো অনুদান যথাযথভাবে প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা শামসুজামান আলকাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, অর্থ সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিন, ভোলাহাট থানা পুলিশের সাব-ইন্সপেক্টর কামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ এবং এনসিপি নেত্রী তোবিয়াতুন শিল্পীসহ স্থানীয় নেতৃবৃন্দ।








