Logo

গাজীপুরে দুই মহাসড়কই ফাঁকা, গণপরিবহন থাকলেও নেই যাত্রী

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২০ মার্চ, ২০২৬, ১১:২৪
গাজীপুরে দুই মহাসড়কই ফাঁকা, গণপরিবহন থাকলেও নেই যাত্রী
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে লাখো মানুষ ঢাকা ছাড়ার পর শিল্পনগরী গাজীপুরের ব্যস্ততম মহাসড়কগুলো এখন অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। কয়েক দিন আগের তীব্র যানজট ও জনসমাগমের চিত্র বদলে গিয়ে দেখা যাচ্ছে নিরিবিলি পরিবেশ।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণপরিবহন থাকলেও যাত্রীসংখ্যা ছিল খুবই কম।

চন্দ্রা ত্রিমোড় এলাকায় গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গগামী এই গুরুত্বপূর্ণ প্রবেশপথে নেই আগের মতো ভিড় বা যানজট। পরিবহন শ্রমিকদের কোলাহলও কমে গেছে। যাত্রী সংকটের কারণে অনেক বাস দীর্ঘ সময় অপেক্ষা করেও যাত্রা শুরু করতে পারছে না। একই অবস্থা দেখা গেছে ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায়।

বিজ্ঞাপন

ভোগড়া বাইপাসের পেয়ারা বাগান এলাকায় কয়েকটি বাস দাঁড়িয়ে থাকলেও যাত্রী না থাকায় সেগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছাড়তে পারছিল না। যারা বিভিন্ন কারণে আগে যেতে পারেননি, তাদের অল্পসংখ্যক মানুষই এখন যাত্রা করছেন।

রংপুরগামী এক যাত্রী জানান, পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিলেও ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। এখন যাত্রা শুরু করেছেন এবং যানজট না থাকায় দ্রুত পৌঁছাতে পারবেন বলে আশা করছেন।

এক পরিবহন কাউন্টার কর্মকর্তা বলেন, কয়েক দিন আগেও যাত্রীচাপ ছিল অত্যন্ত বেশি, তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যানবাহন থাকলেও যাত্রী তুলনামূলক কম।

বিজ্ঞাপন

চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের আর দেখা যায়নি। যানজট না থাকায় তাদের দায়িত্বও শেষ হয়েছে। তবে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে মহাসড়কে যানজট নেই এবং যানবাহনের সংখ্যাও কম। অল্প সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচল করছে, ফলে মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD