Logo

বিএসএফের গুলিতে যুবক আহত, ঘটনার বর্ণনায় ভিন্নতা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২০ মার্চ, ২০২৬, ১৫:০৬
বিএসএফের গুলিতে যুবক আহত, ঘটনার বর্ণনায় ভিন্নতা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া গুলিতে আজাদ (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার সদরপাড়া গ্রামের বাসিন্দা বদরুদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. মোর্শেদ জানান, ছররা গুলিতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, আজাদসহ ৪-৫ জন মাদক আনতে নতুনপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে বানপুর এলাকায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আজাদ আহত হন।

তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম তেতুল জানান, আজাদ বিকেলে সীমান্তসংলগ্ন মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফের গুলিতে আহত হন।

বিজ্ঞাপন

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাংবাদিকদের জানিয়েছে, লোকমুখে শোনা তথ্য অনুযায়ী কয়েকজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে একজন আহত হন। বিষয়টি নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত আজাদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD