ঈদের নামাজের পর ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ শেষ করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ১০-১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। শনিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে একই এলাকায় মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা বিরাজ করছিল।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের ইসমাইল মুন্সী ও কামরুল মিয়ার নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থেকে শুরু হয়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে রাত ১২টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
এরই ধারাবাহিকতায় শনিবার ঈদের নামাজ শেষে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষ চলাকালে কয়েকজন আহত হন এবং একাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হামিরদী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুজ্জামান জানান, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল এবং তারা আত্মীয় হলেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারবার সংঘর্ষে জড়াচ্ছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।








