Logo

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২১ মার্চ, ২০২৬, ২১:৩০
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ হোসেন ঠাকুর। শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ানপাড়া এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তিনি। জাহেদ ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় তিনি জেলা কারাগারে ছিলেন। শনিবার ভোরে তার বাবা জাহাঙ্গীর ঠাকুর (৬৫) মারা যান। একমাত্র ছেলে হওয়ায় জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলের আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে তাকে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময় কারাগার থেকে এনে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন তিনি।

বিজ্ঞাপন

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, জানাজায় অংশগ্রহণের জন্য তাকে অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষে বিকেলেই তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD