হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, এ বিষয়ে কাজ চলছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরের দিকে আন্দিউড়া এলাকায় একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। পরে সকাল ৯টার দিকে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত পিকআপটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। উদ্ধার অভিযানে গিয়ে পিকআপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হন। এছাড়া একই দিন ভোরে ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান এবং আহত হন আরও পাঁচজন।








