Logo

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২৪ মার্চ, ২০২৬, ১৫:৫০
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়। দুপুর আড়াইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনায় জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে গত কয়েকদিন আগেও দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। একই ঘটনায় আজ মঙ্গলবার সকালে ফের রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে আক্তার মিয়া ও হাবিব মিয়া মারা যান। আহত হন উভয়পক্ষের অন্তত ৩০ জন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।হাসপাতালে দুইজন চিকিৎসা নিতে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD