অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি মিজানুর রহমানের

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ড. মু. মিজানুর রহমান। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং এ বিষয়ে তিনি শতভাগ অটল থাকবেন।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) নাচোল উপজেলা-এ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। সভায় এমপি মিজানুর রহমান নাচোল উপজেলায় প্রাথমিকভাবে ১০টি উন্নয়ন প্রকল্প চালুর কথা উল্লেখ করে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, স্থানীয় উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনপ্রতিনিধি, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধারা। বক্তারা ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যার ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে গণহত্যা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








