ঈদে দর্শনার্থীদের ঢল, প্রাণচাঞ্চল্যে মুখর ড্রিম হলিডে পার্ক

ঈদ উৎসবকে ঘিরে বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নরসিংদীর বিভিন্ন বিনোদন কেন্দ্র। সকাল থেকেই শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়ে এসব স্থান যেন রূপ নিয়েছে মিলনমেলায়। বর্ণিল সাজে সজ্জিত পার্কগুলোতে ঈদের আনন্দ যেন নতুন মাত্রা পেয়েছে।
বিজ্ঞাপন
রাজধানী ঢাকার অদূরে নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক-এ এবার ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের ঢল নেমেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছেন।
পার্কটির কিডস জোন, বুলেট ট্রেন, স্কাই ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, ক্রেজি রিভার, লেজি রিভার, স্পিডবোট ও আদর্শ গ্রামসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইড দর্শনার্থীদের আকর্ষণ করছে। পাশাপাশি ওয়াটার পার্কে ডিজে গানের তালে নেচে-গেয়ে ঈদের আনন্দে মেতে উঠছেন আগতরা।
বিজ্ঞাপন
এ বছর পার্কের নতুন সংযোজন ‘সি ওয়ার্ল্ড’, ‘সুনামি ওয়েভ’ এবং রোমাঞ্চকর ‘ড্রিম রিভার ক্যাব’ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। এছাড়া ভৌতিক পরিবেশে সাজানো ‘ভূতের বাড়ি’ শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
পার্কটির ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা জানান, দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় রেখে নিয়মিত নতুন রাইড সংযোজন করা হচ্ছে। তিনি বলেন, “এখন বিনোদনের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; আমাদের দেশেই আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা পাওয়া সম্ভব।” তিনি আরও জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
ঈদ উপলক্ষে জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রেও ভিড় লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের পর্যটনকেন্দ্রগুলোতে এ ধরনের ভিড় অভ্যন্তরীণ পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও সহায়ক হবে।








