Logo

টাঙ্গাইল প্রশাসনে ‘নারী শক্তি’, ডিসিসহ শীর্ষ পদে ৭৮ জন

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২৪ মার্চ, ২০২৬, ২০:৩৯
টাঙ্গাইল প্রশাসনে ‘নারী শক্তি’, ডিসিসহ শীর্ষ পদে ৭৮ জন
ছবি: সংগৃহীত

নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দেশের উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন নারীরা। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন অন্তত ৭৮ জন নারী কর্মকর্তা। জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও স্থানীয় সরকার—সবখানেই দৃশ্যমান তাদের সক্রিয় উপস্থিতি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের কার্যালয়েই একাধিক নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসকসহ মোট সাতজন নারী কর্মকর্তা এখানে কর্মরত রয়েছেন। পাশাপাশি জেলার ১২টি উপজেলার মধ্যে তিনটি উপজেলায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি), জেলা পরিষদ প্রশাসনসহ বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন নারী কর্মকর্তারা।

পুলিশ প্রশাসনেও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। গোপালপুর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন একজন নারী কর্মকর্তা। একইভাবে উপজেলা পর্যায়ে মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে ১০ জন নারী কাজ করছেন, যারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে রোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

শিক্ষা বিভাগেও নারীদের উপস্থিতি লক্ষণীয়। জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন পদে নারী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে একাধিক নারী প্রশিক্ষক কাজ করছেন, যা শিক্ষক তৈরির ক্ষেত্রেও নারীর ভূমিকা বাড়াচ্ছে।

স্বাস্থ্য বিভাগে নারী চিকিৎসক ও কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে মেডিকেল অফিসার পর্যন্ত বিভিন্ন পদে তারা কাজ করছেন। কৃষি বিভাগেও উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে একাধিক নারী মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কাজ করছেন।

এছাড়া নির্বাচন অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, পাসপোর্ট অফিস, সঞ্চয় অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরেও নারী কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতি রয়েছে।

বিজ্ঞাপন

নারী কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও তাদের পালন করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবার ও পেশাগত দায়িত্ব একসঙ্গে সামলাতে হলেও তারা তা সফলভাবেই পরিচালনা করছেন।

জেলা শিক্ষা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পুরুষ সহকর্মীদের সহযোগিতায় নারীরা সমানতালে কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত বড় কোনো বাধার সম্মুখীন হননি।

বিজ্ঞাপন

অন্যদিকে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, নারী ও শিশু বিষয়ক নানা সামাজিক সমস্যা মোকাবিলায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পুলিশ প্রশাসনের নারী কর্মকর্তারাও জানান, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবিলা করেই তারা এগিয়ে যাচ্ছেন। প্রয়োজন হলে জেলার বাইরেও অভিযান পরিচালনায় অংশ নিচ্ছেন তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD