ঘুরতে নিয়ে তরুনীকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় ফেলে পালাল সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে ধর্ষণের পর গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগ উঠেছে তারই সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (২২ মার্চ) এ ঘটনা ঘটে। পরদিন সোমবার (২৩ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার তুহিন হোসেন ওরফে সালমান স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় কলেজে অধ্যয়নরত ওই শিক্ষার্থী রবিবার সকালে সহপাঠীর সঙ্গে ঘুরতে যান। একপর্যায়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান কৌশলে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন ও তার রক্তক্ষরণ শুরু হয়।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।








