ফুলবাড়ী সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত

গণহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ-এ এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. মতিউর রহমান।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম (৯নং সেক্টর)। তিনি ২৫ মার্চের গণহত্যা-এর বিভীষিকাময় ঘটনাবলি তুলে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা সময়ের দাবি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক মো. মোহাইমিনুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও শোকাবহ অধ্যায়, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা আমাদের জাতীয় দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








