পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষতি

পঞ্চগড় জেলা-এর পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ কয়েক কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে বাজারের টিনপট্টি এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০ মিনিটের তীব্র আগুনে কাপড় ও হার্ডওয়্যারসহ ৬টি দোকানের সব মালামাল পুড়ে যায় এবং আরও ৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে একটি হার্ডওয়্যার দোকানে রঙের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই বাজারে মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কাজ করতে দেখা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে কয়েক কোটি টাকার পণ্য ছিল এবং অনেকেই সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হায়াতুন আলম বলেন, এটি একটি ঐতিহ্যবাহী বাজার, যেখানে অসংখ্য কাপড় ও জুতার দোকান রয়েছে। আগুন যদি আরও ছড়িয়ে পড়ত, তাহলে পুরো বাজার ধ্বংস হয়ে যেতে পারত।
বিজ্ঞাপন
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, রাত ১২টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং রিজার্ভ পানি ও পৌরসভার ট্যাংকির পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে, বুধবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন
ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা না হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








