খুলনায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা জেলা-এ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।
সভা শুরুর আগে ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালিদের নিশ্চিহ্ন করতে ঢাকাসহ সারা দেশে গণহত্যা চালায়, যা ‘কালো রাত’ হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, গণহত্যার মতো অপরাধের মাধ্যমে কেউ কখনো রক্ষা পায় না; এ ধরনের শক্তি শেষ পর্যন্ত পরাজিত হয়। দেশের জন্য আত্মত্যাগ শহীদের মর্যাদা এনে দেয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দেশপ্রেম, মানবপ্রেম ও সেবার আদর্শ ধারণ করে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ জোহর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।








