Logo

বাস উল্টে নদীতে : ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২৫ মার্চ, ২০২৬, ১৯:৫৫
বাস উল্টে নদীতে : ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’ নামের বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পদ্মায় পড়ে যায় এবং মুহূর্তেই তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের অধিকাংশই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সোহেল রানা জানান, দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছে। তবে এখন পর্যন্ত পানির নিচে বাসটির অবস্থান নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত ৭ জনকে জীবিত এবং ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও বাকি ৪৫ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর ঘাট এলাকায় নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD