Logo

সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৬ মার্চ, ২০২৬, ০৯:২৭
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। কুমিরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুন লাগার পরপরই ওই বগির যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং তাদের মালামালও সরিয়ে নেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বগিগুলো ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। চট্টগ্রাম থেকে নতুন পাওয়ার কার এনে সংযুক্ত করার পর ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

অগ্নিকাণ্ডের সময় কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও কোনো ট্রেনের সময়সূচি বাতিল হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD