পদ্মায় বাসডুবি : উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসের ঘটনায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কোনো নতুন নিখোঁজের তথ্য পাওয়া গেলে উদ্ধার কাজ পুনরায় শুরু হবে। এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে ফরিদপুরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা ঘটে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে, দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে। সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে নদীতে পড়ে যায়। কিছু যাত্রী তৎক্ষণিকভাবে ভেসে উঠলেও অধিকাংশ নিমজ্জিত হন। প্রায় ছয় ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে বাসটি নদী থেকে তোলা হয় এবং একের পর এক মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আনুমানিক ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার আগে কয়েকজন নামলেও বাকিরা বাসের ভেতরে ছিলেন। শুরুতে উদ্ধার হওয়া দুই নারীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।








