Logo

পদ্মায় বাসডুবি : ২৫ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৮

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
২৬ মার্চ, ২০২৬, ১১:৫১
পদ্মায় বাসডুবি : ২৫ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৮
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন এবং এখনও প্রায় ৮ জন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি প্রায় ৬০ ফুট গভীরে ডুবে যায়। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালানোর পর রাত ১২টা ৩৮ মিনিটে বাসটি পানির নিচ থেকে তুলে আনা হয়। বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহযোগিতায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তবে হাসপাতালে নেওয়ার পর দুই নারীকে মৃত ঘোষণা করা হয়।

বাসের ভেতর থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৬ জন পুরুষ, ১১ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে—যাদের মধ্যে ৪ জন ছেলে ও ১ জন মেয়ে।

সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে ২২ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে, স্থানীয়দের মাধ্যমে উদ্ধার হওয়া ২ জনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার করেন আরও একজনকে।

বিজ্ঞাপন

বর্তমানে নিখোঁজ থাকা প্রায় ৮ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নিয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD