এনসিপি থেকে পদত্যাগ করলেন আহ্বায়কসহ ৪ নেতা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা শাখায় বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলটির জেলা আহ্বায়কসহ চারজন শীর্ষস্থানীয় নেতা দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পদত্যাগকারী নেতারা তাদের লিখিত সিদ্ধান্তের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে হস্তান্তর করেন। এতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়।
পদত্যাগ করা নেতারা হলেন— জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।
বিজ্ঞাপন
জানা গেছে, তারা পৃথক দুটি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করে দলীয় সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছেন। যদিও সংশ্লিষ্ট সূত্রে ভিন্ন ভিন্ন কারণের কথাও শোনা যাচ্ছে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
এ বিষয়ে জেলা আহ্বায়ক মো. আলাউল হক জানান, পারিবারিক ও ব্যক্তিগত জটিলতার কারণে তিনি দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না। সেই পরিস্থিতি বিবেচনায় নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
পদত্যাগপত্রগুলো দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা নিশ্চিত করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।








