টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজেল হোসেন। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য হতে পারেন।
পরে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়। তারা হলেন— গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সুলতান মাহমুদ (২৮), রিপা (২০), নার্গিস (৩০), নিরব (১২) এবং দোলা (৪৫)। এদের মধ্যে নার্গিস ও নিরব মা-ছেলে, আর দোলা তাদের স্বজন।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কে বিকল হয়ে গেলে কয়েকজন যাত্রী নেমে পাশের রেললাইনে বসে ছিলেন। এ সময় দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের ওপর উঠে যায়, এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ট্রেন আসার শব্দ বুঝতে না পারায় তারা সরে যেতে পারেননি বলেই এই দুর্ঘটনা ঘটেছে।








