Logo

হাতিয়ায় পরকীয়ার অভিযোগে যুবক আটক, বিচার দাবিতে উত্তাল এলাকা

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতিয়া, নোয়াখালী
২৮ মার্চ, ২০২৬, ১২:৪০
হাতিয়ায় পরকীয়ার অভিযোগে যুবক আটক, বিচার দাবিতে উত্তাল এলাকা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে পরকীয়ার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিচার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে জাহাজমারা ইউনিয়নের সিডিএসপি বাজার সংলগ্ন কাশেম মেম্বারের বাড়িতে। আটক যুবকের নাম মতিন (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মতিন বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশের চেষ্টা করলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। প্রথমে তাকে চোর সন্দেহে আটক করা হলেও পরে জিজ্ঞাসাবাদে ভিন্ন তথ্য বেরিয়ে আসে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, রাতের অন্ধকারে এক অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করছিল এবং পাশের বাড়ির দরজায় টোকা দিচ্ছিল। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার সঙ্গে ওই বাড়ির এক নারীর সম্পর্কের বিষয়টি সামনে আসে।

স্থানীয়দের দাবি, আটক মতিন তার মোবাইল ফোনে সংশ্লিষ্ট নারীর সঙ্গে সম্পর্কের বিভিন্ন আলামত দেখায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

জানা গেছে, সংশ্লিষ্ট নারীর প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় এবং তার সংসারে দুই সন্তান রয়েছে। তবে বিয়ের আগেই মতিনের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। সেই পুরনো সম্পর্কের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনার পর শুক্রবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিডিএসপি বাজার এলাকায় শতাধিক মানুষ জড়ো হয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয়রা অভিযোগ করেন, এমন ঘটনা আগেও ঘটেছে, কিন্তু যথাযথ বিচার না হওয়ায় অনৈতিক কর্মকাণ্ড বাড়ছে।

এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এদিকে হাতিয়া থানা-র অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের পরিবার বিষয়টি মীমাংসার চেষ্টা করছে। তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনায় সামাজিক ও আইনগতভাবে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD