নোয়াখালীতে মা মেয়ে কুপ্রস্তাবে, রাজি না হওয়ায় বাড়িতে হামলা-ভাংচুর

নোয়াখালীর কবিরহাট উপজেলা এলাকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক স্বামী পরিত্যক্ত নারী ও তার পরিবারের ওপর হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে সাবেক স্বামীসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাজীর খেয়া এলাকায় ভুক্তভোগী নারী সেলিনার বাড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি তার ওপর সংঘটিত নির্যাতন ও হামলার বিস্তারিত তুলে ধরেন।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি নিজ বাড়িতে বসবাস শুরু করার পর স্থানীয় করিম, কালাম ও হাসেম নামের কয়েকজন ব্যক্তি তাকে কুপ্রস্তাব দেয় এবং প্রায় দুই লাখ টাকা চাঁদা দাবি করে। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে তাকে হয়রানি করতে থাকে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কয়েক মাস আগে তার স্বামী বিদেশ থেকে দেশে ফেরার পর অভিযুক্তরা মিথ্যা তথ্য দিয়ে তাদের দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করে। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং গত মাসে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
গত ২৫ মার্চ রাতে ভুক্তভোগীর সাবেক স্বামী অভিযুক্তদের সঙ্গে নিয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা ঘরে ঢুকে ভাংচুর চালায় এবং ভুক্তভোগী, তার মেয়ে ও বোনকে শারীরিকভাবে নির্যাতন করে। এছাড়া স্বর্ণালংকার ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এসে কয়েকজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
বিজ্ঞাপন
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম ও ইউপি সদস্য ইলিয়াছ মেম্বার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পরবর্তীতে অভিযুক্তরা তাদেরকেও হুমকি দেয় এবং বাজারে হামলার ঘটনাও ঘটে বলে তারা দাবি করেন।
আরও পড়ুন: এবার পাটুরিয়ায় চলন্ত ফেরিতে ভয়াবহ আগুন
এ বিষয়ে কবিরহাট থানা-এর তদন্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








