শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

শরীয়তপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বিজ্ঞাপন
তাদের অভিযোগ, জুলাই সনদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের অনুসারীরা এ ধরনের নাশকতা চালিয়ে যেতে পারে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ জনকে স্মরণ করে শহরের শহীদ মিনারের পাশে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। কংক্রিটের বেদির ওপর লোহার কাঠামোতে তৈরি এই স্থাপনাটিতে শহীদদের নাম খোদাই ছিল। শুক্রবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে অগ্নিসংযোগের বিষয়টি সামনে আসে। ওই ভিডিওটি একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
প্রায় ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে।
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি আগে ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।








