কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা-তে তাজেম আলী (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তাজেম আলী একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাজেম আলীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ বুজরুক বাখই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয় এবং পুলিশে জানায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন শনিবার (২৮ মার্চ) ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।
নিহতের স্বজনদের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক তাজেম আলীর এক চাচাতো ভাই জানান, প্রায় এক বছর আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এ নিয়ে প্রতিবেশী মিরাজ নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলছিল।
বিজ্ঞাপন
তিনি বলেন, “ঘটনার সময় বাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি, স্কুলের সামনে তাজেমের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।”
এ বিষয়ে কুমারখালী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার বিষয়টি সামনে এলেও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








