Logo

শ্রীমঙ্গলের তিন তেল ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৯ মার্চ, ২০২৬, ১৬:৩০
শ্রীমঙ্গলের তিন তেল ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: প্রতিনিধি

জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন তেল ডিপোতে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

রবিবার (২৯ মার্চ) সকালে ডিপোগুলো পরিদর্শন করেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন শুরু করেছেন।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব দেশে পড়ায় কিছু অসাধু চক্র তেল মজুদের চেষ্টা করছে। এসব অপচেষ্টা প্রতিরোধ এবং তেল বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ডিপোগুলোর প্রবেশপথে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। তেলবাহী যানবাহনের কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিটি ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তেলের কিছুটা সংকট রয়েছে। নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলেও বিতরণে কিছুটা সময় লাগছে। বিজিবি মোতায়েনের ফলে ডিপোগুলোতে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, “তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোথাও অবৈধ মজুদের চেষ্টা হলে তা প্রতিরোধের লক্ষ্যে এই ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম থেকে রেলপথে বা অন্যান্য ডিপো থেকে তেল আসার সময় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হচ্ছে।”

বিজ্ঞাপন

এদিকে তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD