সরকারি ডিপোতে অবৈধ তেল মজুত, ব্যবস্থাপক বরখাস্ত

বাগেরহাটের মোংলায় সরকারি তেল ডিপোতে বিপুল পরিমাণ জ্বালানি তেলের গরমিলের অভিযোগে এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যৌথ অভিযানে প্রায় ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত তেল মজুতের প্রমাণ মিলেছে, যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকার বেশি।
বিজ্ঞাপন
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অভিযান চালানো হয়। এতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন।
অভিযানে যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের তিনটি ট্যাংকের তেলের পরিমাণ সরেজমিনে মাপা হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হয়। এতে সংরক্ষিত তেলের সঙ্গে নথির মিল না থাকায় অতিরিক্ত মজুতের বিষয়টি ধরা পড়ে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) মো. আল আমিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলের পরিমাণে ইচ্ছাকৃত গরমিল দেখিয়ে পরবর্তীতে আত্মসাতের সুযোগ তৈরি করা হচ্ছিল।
তদন্তে দেখা গেছে, একটি ট্যাংকে কাগজের তুলনায় অতিরিক্ত তেল পাওয়া গেছে, অন্যটিতে বড় অঙ্কের গরমিল রয়েছে, আবার একটি ট্যাংকে ঘাটতি পাওয়া গেছে। সব মিলিয়ে মোট ১২ হাজার ৬১৩ লিটার তেলের হিসাবের অসামঞ্জস্য ধরা পড়ে।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এত বড় গরমিল স্বাভাবিক পরিমাপজনিত ভুলের মধ্যে পড়ে না। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। আপাতত মোংলা ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।








