চিলাই খাল খনন শুরু, ওয়াকওয়ে ও সবুজায়নে বদলাবে নগরীর চিত্র

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ চিলাই খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর তিতাস গেট এলাকায় খালে মাটি কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
উদ্বোধনকালে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসক জানান, গাজীপুর মহানগরের আওতায় থাকা মোট ১৯টি খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ বন্ধ করে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমে আসে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খালটি নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় এটিকে দ্রুত পুনঃখনন করে দৃষ্টিনন্দন খালে রূপান্তর করা হবে। আগামী ছয় মাসের মধ্যে খালের দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ লাগানো এবং পরিবেশবান্ধব সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া খালের আশপাশের শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য যাতে খালে না পড়ে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রশাসক বলেন, খালগুলো দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করা গেলে নগরীর জলাবদ্ধতা সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এতে নগরীর পরিবেশ ও সৌন্দর্য—উভয়েরই উন্নয়ন ঘটবে।
বিজ্ঞাপন
একই দিনে তিনি গাজীপুর চৌরাস্তায় ড্রেনে জমে থাকা ময়লা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে কড্ডা ডাম্পিং স্টেশনের পশ্চিম পাশে একটি আরসিসি সড়ক নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টদের মতে, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে।








