Logo

ফুয়েল কার্ড ছাড়া তেল নয়, চুয়াডাঙ্গায় নতুন নিয়ম কার্যকর

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১ এপ্রিল, ২০২৬, ১১:৫৩
ফুয়েল কার্ড ছাড়া তেল নয়, চুয়াডাঙ্গায় নতুন নিয়ম কার্যকর
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে জেলার বিভিন্ন তেল পাম্পে ‘ফুয়েল কার্ড’ ছাড়া তেল বিক্রি বন্ধ করা হয়েছে। তবে কৃষকদের জন্য বিশেষ শিথিলতা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন, মজুদ নিয়ন্ত্রণ এবং অপব্যবহার রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকার নির্ধারিত ফুয়েল কার্ড প্রদর্শন ছাড়া কোনো মোটরসাইকেল বা সাধারণ গ্রাহককে তেল দেওয়া হচ্ছে না।

এর আগে গত রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহারসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল দেওয়া হবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ৩০ ও ৩১ মার্চ ফুয়েল কার্ড বিতরণের সময় নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ে সব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এ কারণে কার্ড সংগ্রহের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।

জেলার চার উপজেলার ২২টি তেল পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম চালু থাকবে। অন্যদিকে, কৃষকদের জন্য ২৪ ঘণ্টা ডিজেল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

জ্বালানি তেল সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে প্রতিটি পাম্পে পুলিশের পাশাপাশি একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে বাস্তব চিত্রে কিছুটা ভিন্নতা দেখা গেছে। কয়েকটি পাম্পে ফুয়েল কার্ড ছাড়াই বাইকারদের লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায়। কার্ডধারী অনেক বাইকার অভিযোগ করেছেন, কার্ড থাকা সত্ত্বেও তারা সিরিয়াল পাচ্ছেন না; অথচ কিছু ক্ষেত্রে কার্ড ছাড়াই তেল দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র জানায়, জেলায় মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় নির্ধারিত সময়ে সবার মধ্যে কার্ড বিতরণ সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে সাময়িকভাবে দুই দিন শিথিলতা রাখা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD