Logo

নেত্রকোণায় শিশু তুবা হত্যায় জড়িতদের ধরতে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১ এপ্রিল, ২০২৬, ১৫:৪৪
নেত্রকোণায় শিশু তুবা হত্যায় জড়িতদের ধরতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

নেত্রকোণা বারহাট্টার বিক্রমশ্রী গ্রামের রিকশাচালক রফিকুল ইসলামের ৯ বছর বয়সী মেয়ে, তাহিয়া তানজিন তুবা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আটপাড়া মোড়ে স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ৬ মার্চ বেলা আড়াইটার দিকে শিশুটির বিবস্ত্র মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরদিন ময়নাতদন্তে চিকিৎসকরা জানান, শিশুটি শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং যৌনাঙ্গেও ক্ষত চিহ্ন রয়েছে। ৭ মার্চ তার বাবা অজ্ঞাত পরিচয়ের আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিশুর বাবা রফিকুল ইসলাম, মা চিনি আক্তারসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান জানান, হত্যা মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে এবং জড়িতদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD