Logo

ময়মনসিংহে যৌথ অভিযানে ১০ সক্রিয় ছিনতাইকারী গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৭ জুলাই, ২০২৬, ২০:২৪
ময়মনসিংহে যৌথ অভিযানে ১০ সক্রিয় ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মহানগরীতে ছিনতাই প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ জুলাই) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের সহযোগিতায় অভিযানটি চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দমোহন কলেজ রোড, মেছুয়া বাজার ও ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পারভেজ (২৫), রফিকুল ইসলাম (৩৫), মো. আহাদ (২০), মো. সাগর ওরফে হৃদয় হোসেন (২৩), মো. বাপ্পি (৪৯), মো. আমিরুল (৩৫), মনিরুজ্জামান ওরফে মনির (৩৮), রিপন চন্দ্র দে (৩৪), মো. বিপুল মিয়া (৩০) ও মো. সবুজ মিয়া (২৫)।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে আরও উঠে এসেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে নগরীর অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমুক্ত ও নিরাপদ নগরী গড়ে তুলতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD