Logo

নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন মা ও নবজাতকের দায়িত্ব নিল প্রশাসন

profile picture
উপজেলা প্রতিনিধি
নগরকান্দা, ফরিদপুর
২৭ জুলাই, ২০২৬, ২০:১৭
নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন মা ও নবজাতকের দায়িত্ব নিল প্রশাসন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় রাস্তার পাশে সন্তান জন্ম দেওয়া এক মানসিক ভারসাম্যহীন নারী ও তার নবজাতক কন্যার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা, নিরাপত্তা, ভরণ-পোষণসহ সার্বিক দায়িত্ব সরকার বহন করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুলাই) উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় প্রসববেদনায় আক্রান্ত ওই নারী স্থানীয়দের সহায়তায় রাস্তার পাশেই একটি কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মানবিক উদ্যোগে মা ও নবজাতককে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ইউএনও রেজওয়ানা আফরিন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদও উপস্থিত ছিলেন।

তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে মা ও নবজাতকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে মা ও শিশুর পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, মা ও নবজাতকের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা, ভরণ-পোষণ ও সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

প্রশাসনের এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসা দেখা দিয়েছে। অসহায় মা ও নবজাতকের পাশে দ্রুত প্রশাসনের দাঁড়ানো এবং তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণাকে মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD