Logo

‘লেংটার মেলা’ বন্ধের ঘোষণা পুলিশের

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
২ এপ্রিল, ২০২৬, ১৫:২১
‘লেংটার মেলা’ বন্ধের ঘোষণা পুলিশের
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘লেংটার মেলা’ নামে পরিচিত ঐতিহ্যবাহী একটি ধর্মীয় ওরস অনুষ্ঠান মাদক সেবন, মাদক বেচাকেনা এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় বেলতলী এলাকার মেলা প্রাঙ্গণে স্থাপিত কন্ট্রোলরুম থেকে আনুষ্ঠানিকভাবে মেলা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়াই গত মঙ্গলবার সকালে মেলাটির কার্যক্রম শুরু হয়। এরপর মেলা চলাকালীন বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মতলব উত্তর থানা-পুলিশ মেলার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়।

বুধবার সন্ধ্যায় মেলা চত্বরে স্থাপিত কন্ট্রোলরুম থেকে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল মাইকে ঘোষণা দিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রোধে সন্ধ্যার পর থেকে মেলার কার্যক্রম বন্ধ করা হলো। একই সঙ্গে উপস্থিত সবাইকে মেলা এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর ১৭ চৈত্রে প্রয়াত পীর ও সাধক হজরত শাহ সোলায়মান (রহ.) ওরফে লেংটা বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলতলীতে তাঁর মাজার এলাকায় সাত দিনব্যাপী এই মেলা ও ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। স্থানীয়দের কাছে এটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। প্রতি বছর এখানে লাখো মানুষের সমাগম ঘটে। এবারও ভক্ত ও মাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে প্রশাসনের অনুমতি ছাড়াই মেলা শুরু করা হয়।

মেলা চলাকালীন সময়ে প্রকাশ্যে মাদক সেবন, কেনাবেচা, অশ্লীল নৃত্যসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পাশাপাশি মেলার ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনাও ঘটে। এতে মাজারের এক সেবক আহত হন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, মেলায় অনিয়ন্ত্রিত পরিস্থিতি, মাদক সংশ্লিষ্ট কার্যকলাপ এবং সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এসব কারণে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মেলার ঐতিহ্য বজায় রেখে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আয়োজনের পক্ষে মত দিয়েছেন, আবার অনেকে অনিয়ম ও নিরাপত্তাজনিত কারণে বন্ধের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD