শিক্ষাবান্ধব পিরোজপুর গড়তে শিক্ষক সমাজের সহযোগিতা কামনা অধ্যক্ষ আলমগীর হোসেনের

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ও শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) দুপুরে পিরোজপুর সদর উপজেলা-এর শহীদ ওমর ফারুক অডিটোরিয়াম-এ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি গাজী মোঃ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি শিক্ষাবান্ধব পিরোজপুর গড়ে তুলতে শিক্ষক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। পাশাপাশি জেলা পরিষদের সব ধরনের সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ এনায়েত কবির খান, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, নেছারাবাদ উপজেলার সভাপতি মোঃ মাইনুল হোসেন, নাজিরপুর উপজেলার সভাপতি মোঃ ইউনুছ আলী এবং জিয়ানগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের এই নিয়োগ জেলার জন্য গৌরবের। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদান জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








