Logo

জীবননগরে ভারতে পাচারের সময় ৪ শিশুসহ ৮ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ২ দালাল

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৫ এপ্রিল, ২০২৬, ১৮:২০
জীবননগরে ভারতে পাচারের সময় ৪ শিশুসহ ৮ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ২ দালাল
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে ভারতে পাচারের সময় ৪ শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় জীবননগর থানা কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আল নাসের এ তথ্য জানান।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া কয়েকজন আগে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন। প্রায় ৭-৮ মাস আগে তারা ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। পরে পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন।

বিজ্ঞাপন

যশোরের মনিরামপুর এলাকার দালাল শফির মাধ্যমে জীবননগরের বেনীপুর গ্রামের স্থানীয় দালাল ফারুক হোসেন ও ইসরাফিল হোসেনের সঙ্গে তাদের যোগাযোগ হয়। ভারতে “কার্টুন তৈরির ভালো কাজ” দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করা হয়।

গত ৫ এপ্রিল রাত আনুমানিক ৩টার দিকে সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে দালালরা তাদের ভারতে পার না করিয়ে কৌশলে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় রাকিব মোল্লা নামে এক ভিকটিমকে মারধর করা হয়। পরে দালালরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ ইসরাফিল (৩২) ও উজ্জ্বল হোসেন (৪০) নামে দুইজনকে গ্রেফতার করে। তারা উভয়েই বেনীপুর গ্রামের বাসিন্দা।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাকিব মোল্লা, নাইস মিনা খানম, লিমন মোল্লা, সাথী খাতুনসহ মোট ৮ জন, যার মধ্যে ৪ জন শিশু। তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আল নাসের বলেন, “এই ঘটনার সঙ্গে যত বড় প্রভাবশালী মহলই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

পুলিশ আরও জানায়, দালাল চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD