পঞ্চগড়ে ক্ষুদে বিজ্ঞানীদের উচ্ছ্বাসে জমে উঠল বিজ্ঞান মেলা

পঞ্চগড় সদর উপজেলায় ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্ভাবনী প্রকল্পে ছিল প্রাণবন্ত পরিবেশ।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। এতে উপজেলার প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নানা ধরনের বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করে।
মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের বেশিরভাগ প্রজেক্টই ছিল জ্বালানি উদ্ভাবনকেন্দ্রিক। কেউ প্লাস্টিক থেকে জ্বালানি তৈরির পদ্ধতি, কেউ ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন, আবার কেউ নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন কৌশল প্রদর্শন করে। পাশাপাশি কিছু শিক্ষার্থী রকেট মডেলসহ ব্যতিক্রমী উদ্ভাবনও তুলে ধরে।
বিজ্ঞাপন
পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, “মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা দেখে আমরা সত্যিই মুগ্ধ। এ ধরনের আয়োজন ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তবে শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন, প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান চর্চার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন, যাতে এ ধরনের প্রতিভা আরও বিকশিত হতে পারে।
বিজ্ঞাপন
মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








