লেখা ‘তেল নেই’ সেই পাম্পে মিলল ৩২৬৯ লিটার পেট্রোল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ‘তেল নেই’ লেখা ওই পাম্পে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোলের মজুত পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার’ নামের ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সী জানান, পাম্প কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি বিক্রি বন্ধ রেখেছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে সংরক্ষণাগার পরীক্ষা করে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে মজুতকৃত পেট্রোল দ্রুত সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দিয়ে পুনরায় বিক্রয় কার্যক্রম চালু করা হয়।
প্রশাসন জানায়, সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটির বিরুদ্ধে আগেও একই ধরনের অনিয়মের অভিযোগ ছিল। পূর্ববর্তী এক অভিযানে এই পাম্প থেকে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন উদ্ধার করা হয়েছিল। সে সময়ও প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।








