Logo

নারায়ণগঞ্জে লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৮ এপ্রিল, ২০২৬, ১৩:৫১
নারায়ণগঞ্জে লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের সিটি পার্ক লেকে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জল্লারপাড় এলাকার ওই লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলো—আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)। তারা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। বর্তমানে তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুই ভাই লেকের সামনে বসা একটি মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

বিজ্ঞাপন

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে লেকের পাড়ে গিয়ে তাদের পরনের পাঞ্জাবি ও জুতা পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে।

পরে স্থানীয়দের সহযোগিতায় লেকে নেমে খোঁজাখুঁজি চালিয়ে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমকে পানি থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD