রাঙামাটিতে শ্বশানের পাশে পড়ে ছিলো নবজাতক কন্যা সন্তান

রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নে শ্মশানের পাশে পড়ে থাকা অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ এপ্রিল) বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছাগল খাইয়া এলাকার হিন্দুপাড়া শ্মশানের পাশে রক্তমাখা অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা সন্ধ্যা রানী নাথ শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে দেখতে পান। পরে তিনি নিজেই নবজাতকটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শিমুল দে। তিনি জানান, বর্তমানে শিশুটি স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধ্যা রানী নাথের তত্ত্বাবধানে রয়েছে। তারা শিশুটির দেখভাল করছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি নবজাতক শিশুকে এভাবে শ্মশানের পাশে ফেলে রাখা হয়েছিল, যা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তবে সৌভাগ্যক্রমে শিশুটি জীবিত উদ্ধার হয়েছে।”
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের আহমেদ জানান, এখনো পর্যন্ত শিশুটির মা-বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। পাশাপাশি শিশুটির পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও সহমর্মিতা তৈরি হয়েছে। নবজাতক শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।








