Logo

সুপ্রিম কোর্ট স্বকীয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে: যশোরে আইনমন্ত্রী

profile picture
বিশেষ প্রতিবেদক
যশোর
২৪ এপ্রিল, ২০২৬, ১৫:১০
সুপ্রিম কোর্ট স্বকীয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে: যশোরে আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের বিচার বিভাগ সাংবিধানিকভাবে স্বাধীন হলেও সুপ্রিম কোর্ট তার নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী দাবি করেন, বিগত সরকারের সময়ে বিচার বিভাগের একটি অংশ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গিয়েছিল, যার ফলে সাধারণ জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, "বর্তমান সরকার কোনোভাবেই অনৈতিক বা পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা মেনে নেবে না। আমরা বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বুদ্ধিবৃত্তিক দুর্নীতি রোধে কাজ করছি।"

বিজ্ঞাপন

বিচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করতে সরকার বেশ কিছু নতুন আইন প্রণয়ন করছে জানিয়ে মন্ত্রী বলেন, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন এবং জুলাই সনদ আইন দ্রুতই সংসদে উপস্থাপন করা হবে।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যা দেশের জন্য ক্ষতিকর। ১৯৭১ কিংবা সাম্প্রতিক ইস্যু নিয়ে বিভক্তি নয়, বরং জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। তিনি আরও দাবি করেন, বর্তমান সরকারের আমলে দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

যশোরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী যশোর কোর্টকে পুনরায় সক্রিয় ও কার্যকর করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং বিচার বিভাগের বাজেট বাড়িয়ে আইনজীবীদের কল্যাণ নিশ্চিত করা হবে। অনুষ্ঠানের শুরুতে তিনি আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কথা উল্লেখ করে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং জেলা জজ মাহমুদা খানমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD