ইউএনও’র সহায়তায় এসএসসিতে অংশ নিলো প্রতিবন্ধী শিক্ষার্থী

শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধকতা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বাবু হোসেন নামে এক শিক্ষার্থী।
বিজ্ঞাপন
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের এই শিক্ষার্থী উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগে ফিরে পেয়েছে তার স্বপ্নপূরণের সুযোগ।
বাবু হোসেন স্থানীয় জটুয়াখাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। শারীরিক সীমাবদ্ধতার কারণে নিজ হাতে লিখতে না পারায় তার পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি নজরে আসে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের। তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে শিক্ষা বোর্ডের মাধ্যমে শ্রুতি লেখকের অনুমোদন নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
ইউএনও ইমরানুজ্জামান বলেন, “প্রতিটি শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” প্রশাসনের এমন মানবিক উদ্যোগে বাবু হোসেন এখন স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নিতে পারছে।
এদিকে, একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দেলোয়ার হোসেন স্বেচ্ছায় শ্রুতি লেখক হিসেবে দায়িত্ব পালন করছে, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
বাবু হোসেন জানায়, পড়াশোনা শেষ করে চাকরি করে পরিবারের কষ্ট দূর করাই তার স্বপ্ন।








