Logo

কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ভাঙল যাত্রীর ৪ দাঁত

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৭ এপ্রিল, ২০২৬, ২০:২৩
কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ভাঙল যাত্রীর ৪ দাঁত
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একজনের চারটি দাঁত ভেঙে গেছে। এ ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার-ঢাকা রুটে চলাচলরত ট্রেনটিতে এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে আসে। চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ট্রেনের নন-এসি কোচে একটি পাথর ছুড়ে মারা হয়।

বিজ্ঞাপন

ওই সময় নন-এসি কোচের ৩৫ ও ৩৬ নম্বর আসনে বসেছিলেন মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) ও মোহাম্মদ আবু সাঈদ (৪০)। ছোড়া পাথর সরাসরি তাদের ওপর আঘাত হানে। এতে হিমেল গুরুতরভাবে আহত হন; তার মুখে আঘাত লেগে চারটি দাঁত ভেঙে যায়। এছাড়া নিচের ঠোঁটের ভেতরের অংশ ছিঁড়ে যায়, যেখানে সেলাই লাগতে পারে বলে জানা গেছে। অপরদিকে আবু সাঈদের ঘাড়ে গুরুতর আঘাত লাগে।

আহতদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

একই বগিতে থাকা যাত্রী সাইদুল ইসলাম জানান, তারা দিনাজপুরের বিরামপুর থেকে ১৮ থেকে ২০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, হিমেলের আঘাত ছিল গুরুতর এবং ঘটনাটি পুরো বগির যাত্রীদের আতঙ্কিত করে তোলে।

বিজ্ঞাপন

ঘটনার পর রেল কর্তৃপক্ষের দায়িত্বশীলদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। অভিযোগ ওঠে, ট্রেনের অ্যাটেনডেন্ট ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বিষয়টি জানানো হলেও গার্ড ও অ্যাটেনডেন্ট ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেন। যদিও একজন রেলওয়ে পুলিশ সদস্য দ্রুত সহযোগিতা করেন, তবু সামগ্রিক ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ তুলেছেন যাত্রীরা।

স্থানীয় থানায় বিষয়টি জানানো হলে যাত্রীদের কাছেই কেন জানালা খোলা ছিল—এমন প্রশ্ন করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে যাত্রীদের মধ্যে অসন্তোষ আরও বেড়ে যায়।

রেলপথে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলরত ট্রেনে অন্তত ১৪৫টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন যাত্রী। পাশাপাশি ট্রেনের দরজা-জানালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কক্সবাজার রুটে। এই রুটে গত এক বছরে অন্তত ৩৮টি পাথর নিক্ষেপের ঘটনায় ১৪ জন যাত্রী আহত হয়েছেন। বর্তমানে কক্সবাজার রুটে চার জোড়া ট্রেন চলাচল করছে—এর মধ্যে দুটি ঢাকা-কক্সবাজার এবং দুটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে। যাত্রীচাহিদা বাড়লে বিশেষ ট্রেনও চালু করা হয়।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে চকরিয়া-হারবাং এলাকায় রেলওয়ে পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় এই রুটে বারবার এমন ঘটনা ঘটায় যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD