Logo

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
২৮ এপ্রিল, ২০২৬, ১১:২৫
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-এর লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন বৌদ্ধ ভিক্ষু ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু (৪৮), পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পুজগাং চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মংশি মগের ছেলে বলে জানা গেছে। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

তামাচিং মার্মা নামে এক নারী জানান, পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুরা খাগড়াছড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। তিনি জানান, গাড়িতে অন্তত পাঁচজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

প্রত্যক্ষদর্শী মিনহাজুর রহমান জানান, বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী গাড়িটি চট্টগ্রামমুখী ছিল। এ সময় কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস গাড়িটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে লোহাগাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানা পুলিশকে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেনি। এমনকি দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান এবং নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD