রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে আজ

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এটি প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশিয়ার সঙ্গে সমন্বয় করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ এর মহাপরিচালক উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) প্রতিনিধি ও রুশ কর্মকর্তারাও অংশ নেবেন। তবে সময়সূচির কারণে দুই দেশের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকছেন না।
বিজ্ঞাপন
জ্বালানি লোডিংয়ের পর তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিট চালুর লাইসেন্স এবং ৫২ জন বিশেষজ্ঞের অনুমোদন দেয়। কিছু কারিগরি কারণে পূর্বনির্ধারিত সময় পিছিয়ে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
প্রায় ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পে দুটি ইউনিট থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
ফুয়েল লোডিং শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তারা মনে করছেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় এই প্রকল্প বড় ভূমিকা রাখবে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অপেক্ষার পর কেন্দ্রটি চালু হওয়ার পথে থাকায় এলাকায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা বাড়ছে।
প্রকল্পে কর্মরত বিদেশি বিশেষজ্ঞরাও আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনও আশা করছে, কেন্দ্রটি চালু হলে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে এবং জ্বালানি সংকট মোকাবেলায় সহায়ক হবে।
বিশেষজ্ঞদের মতে, এই কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ খাতে বড় পরিবর্তন আসবে এবং আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমবে।








