বর্ণাঢ্য আয়োজনে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জামাল হোসেন।
পরে কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হামিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ আলী এবং লিগ্যাল এইড কর্মকর্তা মজনু মিয়া প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরি ও মানদণ্ড বিশ্লেষণে এ বছর সেরা প্যানেল আইনজীবী হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট ললিত কুমার রায় এবং অ্যাডভোকেট মাসুদা পারভীন ইভা। অনুষ্ঠানে তাদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিজ্ঞাপন
জজ আদালত চত্বরে মোট ৬টি স্টল বসানো হয়। সেখানে লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়।
উল্লেখ্য, গত এক বছরে ঠাকুরগাঁওয়ের লিগ্যাল এইডে ৮৭৪টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৭৪টি নিষ্পত্তি হয়েছে। আইনি পরামর্শ প্রদান করা হয়েছে ৭০৩ জনকে এবং মোট উপকারভোগীর সংখ্যা ৩ হাজার ৪৩৪ জন। এছাড়া সরকারি খরচে ২২৫টি মামলা করা হয়েছে এবং ১৯১টি মামলা প্রত্যাহার করা হয়েছে।








