পাবনায় শিশুকে কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

পাবনা জেলা শহরে মাত্র তিন বছরের এক শিশু কন্যাকে কয়েল জ্বালানোর কথা বলে রুমে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মোজাহার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বিজ্ঞাপন
অভিযুক্ত মোজাহার ওই বাসার মেস মালিকের জামাই। ঘটনাটি ঘটেছে, পৌর শহরের রাধানগর এলাকার জোড়া কবরের পাশে আকমল ছাত্রবাসে। মোজাহার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বাসিন্দা।
ভুক্তভোগী শিশুর মা বলেন, প্রতিদিনের মতো তিনি মেসে রান্নার কাজ করছিলেন। এসময় মোজাহার কয়েল জ্বালানোর অযুহাতে শিশুটিকে তার রুমে ডেকে নিয়ে যায়। প্রায় ১৫-২০ মিনিট পর শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফিরে আসে। এসময় শিশুটির শারীরিক অবস্থা দেখে মা বুঝতে পারেন সে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।
বিজ্ঞাপন
ছাত্রাবাসের আবাসিক ছাত্ররা জানান, শিশুটির কান্নার শব্দ এবং ঘটনার কথা শুনে তারা তাৎক্ষণিক অভিযুক্ত মোজাহারকে খুঁজতে শুরু করেন। কিন্তু ঘটনার পরপরই সে গা ঢাকা দেয়। ছাত্ররাই দ্রুত শিশুটিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
শিশুকে বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর থেকেই পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলায় তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই আমরা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








