Logo

নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
নাগেশ্বরী, কুড়িগ্রাম
২৯ এপ্রিল, ২০২৬, ১৩:৪৪
নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ব্যাপারীর হাট সংলগ্ন বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার নুরনবী, সাদিয়া এবং মাইক্রোবাস চালক লিমন। জানা গেছে, নুরনবী ও সাদিয়া চাচা-ভাতিজি সম্পর্কের ছিলেন। চিকিৎসার জন্য রংপুরে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারীগামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণেই এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। কার্যকর নজরদারির অভাব থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD