বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাত, জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী

বরিশালের মেহেন্দিগঞ্জে ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে দুইটি বিদ্যালয়ে। এতে পৃথক ঘটনায় মোট ১৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান এবং সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
বিজ্ঞাপন
অসুস্থদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাঁচ শিক্ষার্থী।
উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ের ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণিকক্ষে অবস্থানরত সাতজন ছাত্রী আতঙ্কে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা হলো- অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া ও মীম আক্তার, সপ্তম শ্রেণির জান্নাত, নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার।
বিজ্ঞাপন
তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও অপর পাঁচ শিক্ষার্থী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে একই সময়ে মেহেন্দিগঞ্জের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাত হলে আটজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়। পরবর্তীতে অভিভাবকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামুল হক।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানান, বজ্রপাতের তীব্র শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে জ্ঞান হারায়। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে, তবে কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শিক্ষার্থীদের অধিকাংশই এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।








